বান্দরবানের আলীকদমে মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চল থেকে হরিণ হত্যা করে মাংস বিক্রির উদ্দেশ্যে বহন করার সময় এক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আলীকদম সদর এলাকায় সেনা চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংসসহ নুরুল হাকিম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
জানা গেছে, মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলে নুরুল হাকিমসহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে হরিণ শিকার করে। পরে তা আলীকদম সদরে এনে মাংস বিক্রি করে আসছিলেন। মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চল থেকে হরিণ শিকার করে বিক্রির উদ্দেশ্যে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলীকদম জোনের সেনা সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম। তিনি নুরুল হাকিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় মাতামুহুরি রিজার্ভের রেঞ্জ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী শিকার ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। বন্যপ্রাণী হত্যা ও পাচার সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

