নড়াইলে ঈদুল ফিতরের ছুটিতেও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা। সরকারি ছুটির মধ্যেও নিরবচ্ছিন্ন সেবা কার্যক্রম চালু থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ঈদের ছুটির সময় নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৪ জন গর্ভবতী মায়ের স্বাভাবিক (নরমাল) প্রসব সম্পন্ন করা হয়। এছাড়া প্রসবকালীন সেবাসহ গর্ভবতী নারীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন।
নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. নুসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা পরিদর্শিকারা এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।
এ ছাড়া প্রতিদিনই গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসব-পরবর্তী পরিচর্যা, নবজাতক শিশুদের চিকিৎসাসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ ও পদ্ধতি প্রদান অব্যাহত ছিল। কেন্দ্র থেকে সরাসরি সেবার পাশাপাশি টেলিফোনের মাধ্যমে কয়েকজন গর্ভবতী মাকেও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
সদর উপজেলার উজিরপুর গ্রামের স্বপ্না রানী বিশ্বাস জানান, মা ও শিশু কেন্দ্রে স্বাভাবিক প্রসব করাতে পেরে তারা খুবই খুশি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

