রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নিহতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি পানির নিচ থেকে তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুর্ঘটনার সময় স্থানীয়রা আরও ২ জনের মরদেহ উদ্ধার করেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এর আগে জানা যায়, সৌহার্দ্য পরিবহনের বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়, তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ এবং উদ্ধারকারী জাহাজ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে।
এদিকে নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে ঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

