ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। গত দুই দিনে সেতুটি দিয়ে ৮০ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে প্রায় ৯ কোটি টাকা।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৭ ও ১৮ মার্চ—এই দুই দিনে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন সেতু অতিক্রম করে। এ সময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকার বেশি।
তথ্য বলছে, মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে। দুই দিনে এই প্রান্ত দিয়ে ৫৩ হাজারের বেশি যানবাহন সেতুতে ওঠে।
১৮ মার্চ একদিনেই ২৪ ঘণ্টায় প্রায় ৪২ হাজার যানবাহন পারাপার হয় এবং টোল আদায় দাঁড়ায় সাড়ে ৪ কোটির বেশি। এর আগের দিন ১৭ মার্চ প্রায় ৩৯ হাজার যানবাহন পারাপার করে, যেখানে টোল আদায় হয় ৪ কোটির বেশি।
সংশ্লিষ্টরা জানান, যানবাহনের চাপ বাড়লেও সেতু এলাকায় কোথাও উল্লেখযোগ্য যানজট সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যাত্রা স্বাভাবিক রয়েছে।
নিরাপত্তা ও নজরদারির জন্য সেতু এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশ সক্রিয় রয়েছে।
এদিকে টোলপ্লাজায় একাধিক লেন চালু রেখে দ্রুত টোল আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে পারে। সংশ্লিষ্টরা জানান, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

