মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর উদ্যোগে মহানগরজুড়ে ১৫ দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনে স্প্রে কার্যক্রম উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
রাসিক সূত্রে জানা যায়, প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা থেকে এক বেলায় মোট ১০টি ওয়ার্ডে (দুই সাইকেলে) চক্রাকারে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনকালে প্রশাসক বলেন, মশা নিয়ন্ত্রণে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন পর ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পুনরায় চালু হওয়ায় নগরবাসী এর সুফল পাবেন। তিনি আরও জানান, পবিত্র রমজান মাসে এই কার্যক্রম শুধুমাত্র সকালবেলায় পরিচালিত হবে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালু রাখা হবে।
এছাড়া বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হবে বলেও তিনি জানান। একই সঙ্গে রাজশাহীকে আরও উন্নত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

