AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশাল মেডিকেলে অগ্নিকাণ্ড, ২ রোগীর মৃত্যু


Ekushey Sangbad
বরিশাল জেলা প্রতিনিধি
১০:০১ এএম, ১৮ মার্চ, ২০২৬

বরিশাল মেডিকেলে অগ্নিকাণ্ড, ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডে দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আনসার সদস্যসহ অন্তত ৬ জন অসুস্থ হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডের একটি অংশে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের সময় রোগী সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই পটুয়াখালীর কাজী আতাউর রহমান (৮০) এবং বরিশাল নগরীর আবুল হোসেন (৬৭) মারা যান। স্বজনদের অভিযোগ, অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্ডে রাখা ফোম, বেডশিট ও বালিশসহ দাহ্য সামগ্রীর কারণে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, ফলে পুরো তলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন, চিকিৎসক ও স্টাফদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং অনেকে রোগীদের কোলে বা স্ট্রেচারে করে নিচে নামিয়ে আনেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।

নিহতদের স্বজনরা অভিযোগ করেন, আগুনের সময় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মৃত দুই রোগীর শারীরিক অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিল।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনায়েম সাদ জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উপ-পরিচালক ডা. নাজমুল আহসান বলেন, আক্রান্ত ইউনিটে থাকা প্রায় ১০০ রোগীকে পুরাতন ভবনে স্থানান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে সিগারেটের আগুন বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!