নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এতে ইউনিয়নের তালিকাভুক্ত ২ হাজার ১৮৮টি দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের পরিবার ১০ কেজি করে উন্নত মানের চাল সহায়তা পেয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকালে গণেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে চাল সংগ্রহ করছেন কার্ডধারী উপকারভোগীরা। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে সরকারি এই সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। চাল নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, বর্তমান পরিস্থিতিতে ১০ কেজি চাল তাদের ঈদ উদযাপনে বড় ধরনের সহায়ক হবে।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এসময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি সচিবসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বাবুল চৌধুরী বলেন, “স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের তালিকা প্রস্তুত করে এই চাল বিতরণ করা হচ্ছে। সকাল থেকেই সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম চলছে। ইউনিয়নের সব কার্ডধারী পরিবারের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দের আওতায় পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই ভিজিএফ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

