চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে।
সোমবার(১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রিজের নিকট থেকে তাদের আটক করে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেল চেংড়িখালী ব্রিজের পাশে রেখে বিভিন্ন যানবাহন থেকে নগদ টাকা তুলছিল। তাদের কার্যকলাপ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা দুজনকে ডিবি কটি পরিহিত অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এসময় আরও ২–৩ জন পালিয়ে যায়।
আটক দুজন হলেন— ঝিনাইদহ সদর থানার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ (৩৫) এবং কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান (২৯)।
জীবননগর থানা পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই ভুয়া সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত পলাতক ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

