কুমিল্লা জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি ফেরাতে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাক মিয়া। তিনি বর্তমানে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোস্তাক মিয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ’ ও বিদ্যমান আইন অনুযায়ী তিনি জেলা পরিষদ চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই নিয়োগের ফলে জেলা পরিষদের স্থবিরতা কেটে যাবে এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোতে নতুন উদ্যম আসবে।
নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোস্তাক মিয়া মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, “আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, আমি তার মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর। কুমিল্লার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাব। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জেলা পরিষদকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপ দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
নবনিযুক্ত এই প্রশাসক দীর্ঘদিন ধরে কুমিল্লার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া অসংখ্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি জনসেবায় অবদান রেখে চলেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

