সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা এবং গোলযোগ সৃষ্টির অভিযোগে ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের এক নেতার সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
স্থগিত হওয়া নেতা হলেন ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষর করা চিঠিতে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পুর আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা ও গোলযোগ সৃষ্টির দায়ে মুক্তার হোসেনকে তাঁর সব দলীয় পদ থেকে স্থগিত করা হয়েছে। পাশাপাশি তিনি আর কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।
স্থানীয় সূত্র জানায়, ইফতার বিতরণ কর্মসূচির সময় কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় শ্রমিক দল নেতা মুক্তার হোসেনের বিরুদ্ধে বাধা দেওয়ার এবং গোলযোগ সৃষ্টির অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে এই সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

