ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতের পিলার বোঝাই একটি ট্র্যাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার করেন।
প্রত্যক্ষদর্শী কাকিলা দাড়ি গ্রামের সেলিম হোসেন জানান, তিনি আলমসাধু নিয়ে যাওয়ার সময় দেখেন বিদ্যুতের পিলার বোঝাই একটি ট্র্যাক্টর খালিশপুরের দিকে যাচ্ছিল। একই দিকে একটি মোটরসাইকেলও যাচ্ছিল। হঠাৎ ট্র্যাক্টরটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। পরে কাছে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল আরোহী ট্র্যাক্টরের নিচে পড়ে আছেন। তবে ট্র্যাক্টরের চালককে ঘটনাস্থলে দেখা যায়নি।
ফায়ার সার্ভিসের লিডার নুর কুতুব উদ্দিন জানান, দুপুর ১টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহত সাইদুল ইসলামকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বরিশালের নুর ইসলামের ছেলে এবং চাকরির সুবাদে এ এলাকায় থাকতেন বলে জানা গেছে।
এদিকে কোটচাঁদপুর থানা পুলিশ দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল ও ট্র্যাক্টর উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় পতিত যানবাহন উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

