শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার ছোট ছেলে মরহুম আবু নাসের আরজুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজান মাসের ১৬তম রোজায় উপজেলার আমতলী এলাকার হাজী মার্কেটে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সামাজিক সংগঠন ইয়ুথ স্টার ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইফতার ও দোয়া মাহফিলে মরহুমের বাবা আমিনুল ইসলাম বাদশা, বণিক সমিতির সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খান (মক্কু), ব্যবসায়ী সাইফুল ইসলাম সেজুসহ বাজারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, মরহুম আবু নাসের আরজুর রুহের মাগফিরাত কামনায় প্রতিবছরের মতো এবারও এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইয়ুথ স্টার ক্লাবের সভাপতি মো. আব্দুল বারেক ও সাধারণ সম্পাদক মো. রানা হামিদ এক যৌথ বার্তায় জানান, তাদের ক্লাবের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ইফতারের আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
প্রসঙ্গত, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ইয়ুথ স্টার ক্লাব প্রতিবছরই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি আয়োজন করে আসছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

