পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দাউদি বোহরা সম্প্রদায়। তাদের বৈশ্বিক জনকল্যাণমূলক কর্মসূচি ‘প্রজেক্ট রাইজ’ (Project Rise)-এর আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে আলীকদম উপজেলার মাংতাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দাউদি বোহরা সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা পরম শ্রদ্ধেয় সৈয়দনা মুফাদ্দল সাইফুদ্দীন (তউস)-এর নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। রমজানের সংযম, সহমর্মিতা ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ইফতার ও সাহরির প্রয়োজন মেটাতে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।
আয়োজকদের তথ্যমতে, প্রতিটি পরিবারের জন্য দেওয়া খাদ্য প্যাকেজে ছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। এর মধ্যে রয়েছে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও ২ কেজি আলু—মোট প্রায় ১৪ কেজি খাদ্যসামগ্রী।
দাউদি বোহরা প্রতিনিধিরা জানান, ‘প্রজেক্ট রাইজ’ কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে কাজ করা হচ্ছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে অনেক সময় সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ কঠিন হয়ে পড়ে। এ ধরনের উদ্যোগ তাদের জীবনযাত্রায় সামান্য হলেও স্বস্তি এনে দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা দাউদি বোহরা সম্প্রদায়ের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা বলেন, সমাজের কোনো মানুষ যেন অনাহারে না থাকে—এটাই আমাদের লক্ষ্য। বিশেষ করে পবিত্র রমজান মাসে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করাই আমাদের মূল উদ্দেশ্য।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

