AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে সংস্কারকাজে ধীরগতি, ভোগান্তিতে জনসাধারণ



মাদারগঞ্জে সংস্কারকাজে ধীরগতি, ভোগান্তিতে জনসাধারণ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী বাজারের দক্ষিণ-পূর্ব পাশে কলেজ মোড় থেকে গুনারীতলা বাজার সড়কের সংস্কারকাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

জানা গেছে, ৩ কোটি ৭৯ হাজার ৯৮০ টাকা ব্যয়ে ৪০১০ মিটার সড়কটি সংস্কারের জন্য ২০২৪ সালের ১৪ নভেম্বর দরপত্রের মাধ্যমে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ লাভ করে। একই বছরের ১৯ নভেম্বর কাজ শুরু হয় এবং চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ১২ এপ্রিল কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাজ শেষ হতে বাকি রয়েছে মাত্র ৩৮ দিন।

তবে স্থানীয়দের অভিযোগ, সময়সীমা প্রায় শেষের পথে হলেও এখন পর্যন্ত মোট কাজের ৩০ শতাংশও দৃশ্যমান হয়নি। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের নামে ফেলে রাখায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রায় দুই বছর আগে ভালো অবস্থায় থাকা সড়কের কার্পেটিং তুলে ফেলা হয়। এরপর নতুন করে কাজ শুরু হওয়ার কথা থাকলেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। ফলে ধুলোবালিতে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।
স্থানীয় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। ধুলোর কারণে তাদের পোশাক-পরিচ্ছদ নষ্ট হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। অটোরিকশাচালক রহিম বলেন, “ভালো রাস্তা নষ্ট করে আমাদের চরম কষ্টে ফেলে রাখা হয়েছে। দ্রুত কাজ শেষ করা প্রয়োজন।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে ঠিকাদার প্রতিষ্ঠান আবেদন সাপেক্ষে সময় বাড়ানোর সুযোগ পেতে পারে। তিনি আরও জানান, সড়কটিতে একটি ফুটব্রিজ নির্মাণকাজ চলমান রয়েছে। ব্রিজের নিচের অংশের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে পুনরায় পূর্ণোদ্যমে কাজ শুরু হবে।"

ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বরত স্থানীয় ঠিকাদার আজাদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!