গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চন্ডপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামছুন্নাহার রুমা (৪৫) হত্যাকান্ডের ঘটনায় তার দ্বিতীয় স্বামী মামুনুর রশিদ চৌধুরী মামুনকে (৫২) আটক করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) ভোররাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মামুন ওই গ্রামের ছামসুল আলমের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের চক গোবিন্দপুর গ্রামের নিজ বাসা থেকে ওই শিক্ষিকার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ ।
রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, স্কুল শিক্ষিকা রুমা তার প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর এক পুত্র সন্তান নিয়ে বাবার মালিকানাধীন চক গোবিন্দপুরের বাসায় থাকতেন।
পড়াশোনার কারণে তার ছেলে ঢাকায় থাকার ফলে তিনি ওই বাসায় একাই থাকতেন এবং মাঝে মধ্যে তার দ্বিতীয় স্বামী মামুনও তার সাথে সেখানে থাকতো। এ ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার ভাই রোকনুজ্জামান রুবেল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,আজ রোববার সকালে নিহতর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ। এঘটনায় আটক মামুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

