গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হ্যাকার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), ছামছুল রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমান (২২) এবং রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে নুর আলম সরকার (২২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট—নগদ, বিকাশ ও রকেট—ব্যবহার করে অসহায় ও হতদরিদ্র মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েসের নেতৃত্বে শুক্রবার ভোরে তালুক কানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হাসান রহমানের বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

