নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সলামত ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দুই নারীসহ অন্তত ১০ জন আহত হন।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারের দাবি, ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সলামত ও তার লোকজন এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত। এসবের প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে প্রতিপক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার বাবা বেপারী মোল্লা (৫০) ও হাজেরা (৪০) গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অন্যদিকে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সলামত দাবি করেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। মোবাইল ফোনে ঝগড়ার খবর পেয়েছেন। তার দাবি, কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁদাবাজি ও গুলাগুলির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, আনোয়ারপক্ষের হামলায় তাদের ৭-৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুজন (২৫), সাজ্জাদ (১৮) ও শফিক (৪০) সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

