ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিপুল ভোটে জয়লাভ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও ছয়বারের সংসদ সদস্য।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, অতীতে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে এক যুগেরও বেশি সময় দেশের বাইরে অবস্থান করেন কায়কোবাদ। পরবর্তীতে ৫ আগস্টের পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিয়ে মুরাদনগর আসনে অর্ধলাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি মোট ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হন।
এর আগে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৬ সালে জাতীয় সংসদে হুইপ এবং ১৯৮৮ সালে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ছয়বারের এই সংসদ সদস্যকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় কুমিল্লা-৩ (মুরাদনগর)সহ জেলাজুড়ে আনন্দ ও উৎসাহের আমেজ বিরাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

