AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ওমরাহ শেষে ফেরার পথে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ লক্ষ্মীপুরের ৫ জন নিহত


Ekushey Sangbad
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ, লক্ষ্মীপুর
০৩:৪৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ লক্ষ্মীপুরের ৫ জন নিহত

ওমরাহ হজ শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। একই দুর্ঘটনায় গাড়ির চালক মো. জিলানী বাবর (৩০) মারা যান।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত মিজানের বাবা শহীদ উল্যাহ। নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্যার ছেলে। নিহত মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নিহত চালক একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।

এদিকে একই ঘটনায় মিজানের মেজো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহারুল আলম জানান, মিজান সৌদি প্রবাসী ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে যান। পাঁচ দিন আগে তারা সৌদিতে বাসা থেকে বের হন। ওমরাহ শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম সাংবাদিকদের জানান, পাশ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা মিজানসহ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এছাড়া মিজানের মেজো মেয়ে ফাইজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে পাঁচজন মারা গেছেন বলে জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে আমরা সব ধরনের সহযোগিতা করবো।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!