বহুল আলোচিত বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে শেষ পর্যন্ত ‘ধানের শীষ’-এর জয়ধ্বনি উঠেছে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলামকে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোট ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৮০টি কেন্দ্রের ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছে ৭৬ হাজার ৪০২ ভোট। অপরদিকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পেয়েছে ৫৬ হাজার ৭২০ ভোট। সর্বশেষ সমন্বিত ফলাফলে শেখ ফরিদুল ইসলাম মোট ১ লাখ ২ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৭১ হাজার ৫৪০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৭ হাজার ১২ জন, পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। ১০৬টি স্থায়ী কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটগ্রহণ ও গণনাকে কেন্দ্র করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে প্রার্থী ও সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার পর ‘ধানের শীষ’-এর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা যায় তাদের।
উল্লেখ্য, রামপাল-মোংলা অধ্যুষিত এই উপকূলীয় জনপদে উন্নয়ন, কর্মসংস্থান ও অবকাঠামো ইস্যু ছিল নির্বাচনী প্রচারণার মূল প্রতিপাদ্য। বিজয়ী প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ফলাফল ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “এ বিজয় জনগণের। আমি সবার প্রত্যাশা পূরণে কাজ করব।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

