নওগাঁ ২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো: এনামুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৪১হাজার ৫শ ২৬ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী ধানের শীষ প্রতিকে মো: সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫শ ৩৩ ভোট।
জানা যায়, মো: এনামুল হক ৬ হাজার ৯শ ৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ২ লাখ ৮৬ হাজার ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই আসনে কাস্টিং ভোটের হার প্রায় ৭৭ শতাংশ।
অপরদিকে, আমার বাংলাদেশ পার্টি মনোনীত ঈগল মার্কার প্রার্থী মো: মতিবুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫শ ৮০ ভোট। এই আসনে নষ্ট বা অবৈধ ভোটের পরিমাণ ৭ হাজার ৪শ ৩১ ভোট।
উল্লেখ্য, দেশে এবং দেশের বাইরে থেকে ১ হাজার ৭শ ২৩ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে গণরায় প্রতিফলিত হওয়ায় বিজয়ী প্রার্থী মো: এনামুল হক সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধামইরহাট ও পত্নীতলার ভোটারদের ধন্যবাদজ্ঞাপন করেন। তিনি সবাইকে শান্ত থাকারও আহবান জানান।
এই নির্বাচনের মধ্যদিয়ে স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার জামায়াতে ইসলামী নওগাঁ-২ আসনের বিজয় অর্জন করায় পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নওগাঁ জেলা নায়েবে আমীর মো: হাবিবুর রহমান সন্তোষ প্রকাশ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

