ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল, প্রার্থীদের এজেন্টদের দেওয়া হিসাব এবং পোস্টাল ভোটের তথ্য অনুযায়ী তিনি পেয়েছেন ৬৯ হাজার ৪৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. কাবির মিয়া পেয়েছেন ৫৪ হাজার ৩২৯ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩৩।
নির্বাচনের আগে পুরো আসনজুড়ে সরব ছিল প্রচারণা। হাটবাজার, চায়ের দোকান ও বিভিন্ন গ্রামীণ পথসভায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালান সেলিমুজ্জামান সেলিম। তিনি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও মাঠে সক্রিয় প্রচারণা চালান। ফলে নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর। ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।
বেসরকারি ফলাফল প্রকাশের পর মুকসুদপুর ও কাশিয়ানীর বিভিন্ন এলাকায় সেলিমুজ্জামান সেলিমের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এ ফলাফলকে “জনতার রায়” হিসেবে উল্লেখ করেন।
বিজয়ী প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় গোপালগঞ্জ-১ আসনের সর্বস্তরের মানুষের। আমি দল-মত নির্বিশেষে সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।”
তবে এখনো সরকারিভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন সব কেন্দ্রের ফল একত্র করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

