ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে বেসরকারিভাবে জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী। ঘোষিত বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো আসনেই জয় পায়নি।
বেসরকারি ফলাফল অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সিলেট-১ আসনে নির্বাচিত হয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। সিলেট-২ আসনে জয় পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। সিলেট-৩ আসনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আবদুল মালিক। সিলেট-৪ আসনে নির্বাচিত হয়েছেন আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে জয় পেয়েছেন এমরান আহমদ চৌধুরী। তবে সিলেট-৫ আসনে দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা জয় লাভ করেছেন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার জেলার চারটি আসনেও বিএনপি এগিয়ে থেকে বেসরকারিভাবে জয় নিশ্চিত করেছে। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনেও বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকলেও বেসরকারি ফলাফল অনুযায়ী সিলেট বিভাগে এবারের নির্বাচনে বিএনপির বড় ধরনের সাফল্য দেখা গেছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

