চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসনের ৩৫৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে জেলার চারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে ভোটকেন্দ্রের নিরাপত্তায় আনসার সদস্যদেরও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ১৮০টি এবং চুয়াডাঙ্গা-২ আসনে ১৭৪টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, অমোচনীয় কালি, সিলপ্যাড ও সিলসহ নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তর করা হয়।
উপজেলাভিত্তিক হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৯২টি, দামুড়হুদা উপজেলায় ৯১টি, জীবননগর উপজেলায় ৫৯টি এবং আলমডাঙ্গা উপজেলায় ১১২টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিষদ থেকেই আনসার সদস্যদের নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলার ২২২ জন আনসার সদস্যকে একটি করে শর্টগান, ১০টি রাবার বুলেট, ১০টি সীসা বুলেট এবং একটি বুলেট ক্যারি ব্যাগ প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আরা জানান, সদর উপজেলার ৯২টি ভোটকেন্দ্রে নির্বাচনী উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, জেলার দুটি সংসদীয় আসনে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এদিকে জেলার সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

