নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলায় রাতের আঁধারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে এসব অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
আগুন দেওয়া কেন্দ্রগুলো হলো— সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পুলিশ সুপার জানান, রাত ২টা থেকে ভোররাতের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বিদ্যালয়ের কক্ষের ভেতরে ছুড়ে মারে। এতে কেন্দ্রগুলোর কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার বলেন, “যারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।”
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আগুন দেওয়া কেন্দ্র পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। তারা কেন্দ্রগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

