প্রচারনার শেষ দিনে কালাইয়ে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে জয়পুরহাট-২ আসনে নির্বাচনী প্রচারণার সমাপ্তি ঘটিয়েছে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কালাই উপজেলার ময়েনউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে সমাবেশস্থলে।
স্লোগান, করতালি, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা, যা নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি স্পষ্ট বার্তা দেয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সচিব মো. আব্দুল বারী। তিনি বলেন, দীর্ঘদিন তিনি সরকারের আমলা হিসেবে দেশ সেবায় নিয়োজিত ছিলেন। চাকরি জীবন শেষ করে এখন নিজ এলাকার মানুষের সরাসরি সেবা করার লক্ষ্যে রাজনীতিতে এসেছেন।
তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। আব্দুল বারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র ভরসা।
বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার কথা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।
তিনি জয়পুরহাটের মানুষকে সংগ্রামী ও প্রতিবাদী হিসেবে উল্লেখ করে বলেন, এই অঞ্চলের মানুষ কখনো অন্যায় ও বৈষম্যের কাছে মাথা নত করেনি। তিনি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
আব্দুল বারী কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, কৃষি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে। তিনি বলেন, রাজনীতি তার কাছে কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার লড়াই নয়; বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইদুর রহমান সুইটসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জয়পুরহাট–২ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে রায় দেবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল বলেন, এই জনসভা প্রমাণ করে দিয়েছে যে জনগণ এখনও তাদের ভোটাধিকার ও মত প্রকাশের বিষয়ে সচেতন। তিনি সবাইকে নির্বাচনী আইন ও শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। অন্যান্য বক্তারা দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশার মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, তা দূর করতে অংশগ্রহণমূলক রাজনীতি ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সমাবেশে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়।বক্তারা বলেন,কালাই,ক্ষেতলাল ও আক্কেলপুরের তরুণরা বৈষম্যহীন ও সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন দেখছে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা তরুণদের কর্মসংস্থান,শিক্ষা, প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক সুরক্ষার একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

