বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে দেশকে যুবকদের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, জামায়াত দেশের উন্নয়ন ও যুবকদের সক্ষমতায় বিশ্বাস রাখে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “যারা বুক চিতিয়ে এ দেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে গেছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।” তিনি বক্তব্যের শুরুতে স্থানীয় উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি জানান, ক্ষমতায় এলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশে বিমান খাতের লোকসান মূলত দুর্নীতির কারণে হচ্ছে। জামায়াত ক্ষমতায় এলে তা বন্ধ করা হবে। কারণ, জামায়াতের একমাত্র লক্ষ্য হলো চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা।
ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় এলে বাংলাদেশ হবে এমন একটি দেশ যেখানে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে এবং কোনো বৈষম্য থাকবে না।
জনসভা শেষে তিনি মঞ্চে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

