দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রমেশ চন্দ্র সেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারাগার সূত্র আরও জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।
রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

