AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৯:৫৪ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

ঢাকায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরসহ সংগঠনের শীর্ষ নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং শহীদ হাদী হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য ও ছাত্রজনতার নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে জুলাই ঐক্য ও ছাত্রজনতার নেতাকর্মীরা শহীদী মসজিদের সামনে কিছু সময় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এতে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভোগান্তি দেখা দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড় চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল প্রিন্স, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, মাওলানা এ কে এম নাজিমুদ্দিনসহ ইনকিলাব মঞ্চের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। মিছিল চলাকালে তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা করে ভিন্নমত দমন করার অপচেষ্টা দেশবাসী কখনোই মেনে নেবে না। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলেও বারবার তা লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি শহীদ হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

সমাবেশে অংশ নেওয়া নেতারা আরও বলেন, দাবি আদায়ে সরকার ও প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সারাদেশে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!