মোনাফেকদের সঙ্গে কোনো আপোষ নয়—শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে এ কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নকলা উপজেলা পৌর শহরের হাসপাতাল রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান কার্যালয়ে নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যে ছাত্রদল সভাপতি আরও বলেন, গত ১৫ বছরেরও বেশি সময় ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে আমরা রাজপথে ছিলাম, কিন্তু তাদের সঙ্গে কোনো আপোষ করিনি। একটি দল আছে যারা মোনাফেক; তারা ভয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার সাহসও রাখে না।
তিনি আরও বলেন, দেড় বছর ধরে আমরা অনেক ধৈর্য ধরেছি। এতদিন ওই রাজনৈতিক দলটি নানা প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু একটি সুন্দর জাতীয় নির্বাচন ও স্থিতিশীল বাংলাদেশের অপেক্ষায় ছিলাম। কিন্তু ছাড় দেওয়ার দিন শেষ। আগামী ১২ তারিখ বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে।
এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা এবং জনবান্ধব উদ্যোগগুলোর কথা তুলে ধরে নকলা–নালিতাবাড়ী আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

