দিনাজপুরের পার্বতীপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেজ-২) এর আওতায় ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।
পার্বতীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে নাপিত, কামার, কুমার, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী এবং নকশিকাঁথা প্রস্তুতকারকসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস উন্নয়ন এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমটি বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে পরিচালিত হবে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পেশাগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সামাজিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ পাবেন, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

