জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে উপজেলা নির্বাচন প্রশাসন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে কালাই উপজেলার মোট ৪৫ জন প্রিজাইডিং অফিসার এবং ২৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালনের কৌশল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,ব্যালট ব্যবস্থাপনা, ভোট গ্রহণ প্রক্রিয়া এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
অংশগ্রহণকারীদের নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আল মামুন মিয়া। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা। তিনি বলেন, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
নির্বাচনকালীন সময়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস হোসেন। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ নির্বাচন পরিচালনায় আত্মবিশ্বাস বাড়ায় এবং দায়িত্ব পালনে আরও দক্ষ করে তোলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

