ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন পর্যায়ের এক শীর্ষ নেতা ও তার অনুসারী শতাধিক নেতাকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সাতুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কবির হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ইসলামী আদর্শ ও দেশকল্যাণমূলক রাজনীতির প্রতি আস্থাশীল হয়েই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের বক্তব্যে বলা হয়, নৈতিকতা ও আদর্শের সংকটে পড়া বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী একটি বিশ্বাসযোগ্য ও আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের আস্থা অর্জন করছে।
তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

