কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন—মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), মোজাহের (৬০) এবং মোস্তাক (১২)। তারা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ওই কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখানে এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়।
অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন জানান, প্রতিদিনের মতো তার ছেলে কাজে গিয়েছিল। হঠাৎ করে অস্ত্রধারীরা এসে সবাইকে ধরে নিয়ে যাওয়ায় পরিবারগুলো চরম উৎকণ্ঠায় রয়েছে।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের তথ্য পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধারে পুলিশি তৎপরতা ও অভিযান চলছে বলে তিনি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

