AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনা-৩ আসনে ধানের শীষ–দাঁড়িপাল্লার জমজমাট লড়াই, স্বতন্ত্র ‘ঘোড়া’ পাল্টাতে পারে সমীকরণ


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
১২:০৯ এএম, ২৮ জানুয়ারি, ২০২৬

পাবনা-৩ আসনে ধানের শীষ–দাঁড়িপাল্লার জমজমাট লড়াই, স্বতন্ত্র ‘ঘোড়া’ পাল্টাতে পারে সমীকরণ

চলনবিল অধ্যুষিত পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে নির্বাচনী উত্তাপ এখন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থী ও তাঁদের সমর্থকরা নিয়মিত গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই উৎসবমুখর হয়ে উঠছে পরিবেশ। বিভিন্ন অলিগলি, দোকানপাট ও চায়ের দোকানগুলোতে এখন প্রধান আলোচ্য বিষয় নির্বাচন।

পাবনা-৩ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটার ও স্থানীয় সচেতন মহলের মতে, এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাই বেশি। তাঁদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পাবনা জেলা জামায়াতের সহকারী তরবিয়াত সেক্রেটারি মুহাম্মাদ আলী আছগার এবং স্বতন্ত্র প্রার্থী—এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য কে. এম. আনোয়ারুল ইসলামের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে প্রচারণায় অন্য প্রার্থীরাও পিছিয়ে নেই। তরুণ ভোটাররা যেদিকে ঝুঁকবেন, সেই প্রার্থীর জয়ের সম্ভাবনাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ ও প্রত্যাশা। দীর্ঘদিন আওয়ামী লীগের একচ্ছত্র প্রভাবের পর এবার তাদের অনুপস্থিতিতে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র প্রার্থীসহ একাধিক রাজনৈতিক দল।

পাবনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে তিন উপজেলার মধ্যে সবচেয়ে বড় চাটমোহর উপজেলার ভোটাররা এবং নতুন ভোটাররা। এ আসনে মোট ভোটার প্রায় ৫ লাখ। এর মধ্যে চাটমোহর উপজেলায় ভোটারের সংখ্যা অন্য দুই উপজেলার তুলনায় বেশি। দীর্ঘদিন ধরে চাটমোহর উপজেলা থেকে কোনো সংসদ সদস্য না থাকায় এবার এখানকার ভোটারদের সিদ্ধান্ত নির্বাচনী হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে।

এই আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আলী আছগারের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি কে. এম. আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল খালেক, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. হাসানুল ইসলাম, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু, গণফোরামের সরদার আশা পারভেজ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এদিকে নির্বাচন সামনে রেখে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার চায়ের স্টলগুলোতে চায়ের চুমুকের সঙ্গে জমে উঠেছে নির্বাচনী আড্ডা। ভোটারদের আলোচনা-সমালোচনায় মুখর হয়ে উঠেছে এসব স্থান। নির্বাচন ঘিরে চায়ের দোকানগুলোর বিক্রিও বেড়েছে কয়েকগুণ। আড্ডায় একটাই প্রশ্ন—কে হচ্ছেন পাবনা-৩ আসনের আগামী সংসদ সদস্য? সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছেই এসব আলোচনা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। এর মধ্যে চাটমোহর উপজেলায় ভোটার ২ লাখ ৬০ হাজার ১১৭ জন—পুরুষ ১ লাখ ৩০ হাজার ৬৬৯ জন ও নারী ১ লাখ ২৯ হাজার ৪৪৮ জন। ভাঙ্গুড়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮ হাজার ৯৬৮ জন—পুরুষ ৫৪ হাজার ২৮৭ জন ও নারী ৫৪ হাজার ৬৭৯ জন; এর মধ্যে হিজড়া ভোটার রয়েছেন ২ জন। ফরিদপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ৭১৯ জন—পুরুষ ৫৮ হাজার ৯৮০ জন ও নারী ৫৮ হাজার ৭৩৫ জন; এখানে হিজড়া ভোটার রয়েছেন ৪ জন।

স্থানীয় ভোটারদের মতে, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় সমস্যার সমাধান—এই বিষয়গুলোই প্রার্থী বাছাইয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তরুণদের আড্ডায় নির্বাচন এখন প্রধান আলোচ্য বিষয়। দল-মত ও প্রতীকের চেয়ে ব্যক্তির যোগ্যতা কতটা গুরুত্ব পাবে—তা নিয়েই চলছে যুক্তিতর্ক। অনেকের ধারণা, এবার তরুণ ভোটাররাই হতে পারেন প্রকৃত ‘কিংমেকার’। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারার ক্ষোভ ও প্রত্যাশা ভোটারদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণদের আলোচনা চোখে পড়ার মতো। এখন শুধু অপেক্ষা—আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের রায়ে কোন প্রার্থীর ভাগ্যে জোটে বিজয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!