আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জয়পুরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে যৌথ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে জয়পুরহাটের কালাই উপজেলায় এ মহড়া পরিচালনা করে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
সকাল সাড়ে ১০টার দিকে কালাই উপজেলা পরিষদ চত্বর থেকে মহড়া শুরু হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনসমাগমস্থলে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করেন। মহড়ার মাধ্যমে নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে, জয়পুরহাট-২ (কালাই- ক্ষেতলাল- আক্কেলপুর) আসনের নির্বাচনী এলাকাকে ঘিরে সম্ভাব্য যেকোনো নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে এই যৌথ মহড়ার আয়োজন করা হয়। নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে—এ বিষয়টি নিশ্চিত করাই ছিল মহড়ার মূল উদ্দেশ্য।

মহড়ার নেতৃত্ব দেন কালাই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাফকাত হাসান নুর। এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মোছা. শামীম আরা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য মহড়ায় অংশ নেন।
কর্তৃপক্ষ জানান, নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের টহল ও যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। যে কোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

