মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা প্রশাসকের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী পাঁচ শতাধিক শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বিভিন্ন চা বাগানের প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনটির সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপক দিপন সিনহা। চা মজদুর পত্রিকার সম্পাদক সিতারাম বীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মাধবপুর ইউনিয়ন পরিষদের সচিব সমরেন্দ্র কুমার সিংহ, ইউপি সদস্য ছাবিদ আলী ও মহিলা সদস্য মালতী বুনার্জী প্রমুখ।
প্রতিবন্ধীদের মাঝে বক্তব্য রাখেন সিতারাম ভর, ফারুক আহমেদ ও চাম্পালাল রবিদাস।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শীত মৌসুম আমাদের অনেকের জন্য আরামের হলেও সমাজের দুস্থ ও অসহায় মানুষের জন্য এটি কষ্টের সময়। একটি কম্বল আমাদের কাছে তুচ্ছ মনে হলেও শীতার্ত মানুষের জন্য তা জীবন বাঁচানোর সমান। মানবতার পাশে থাকার লক্ষ্যে জেলা প্রশাসকের এমন মহৎ উদ্যোগে আজকের এই প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সুবিধাবঞ্চিত মানুষদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া হয়। বিশেষ করে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেশি। শুধু আজ নয়, ভবিষ্যতেও তাদের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রমের উদ্যোগে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

