রাজবাড়ী পৌর শহরের রেলস্টেশন এলাকা থেকে ৫ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী মধ্যপাড়া এলাকার মো. আশরাফুলের মেয়ে মোছা. শিরিন শান্তি (৩৫)।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজবাড়ী রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৫ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা, বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশন এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি যুবসমাজকে ধ্বংস, পরিবারে অস্থিরতা সৃষ্টি এবং সামগ্রিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই মাদক নির্মূলে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী।
তিনি আরও বলেন, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

