আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়স্থ গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে ‘হ্যাঁ’ ভোটসহ শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আশা করি, কুড়িগ্রাম জেলার প্রশাসন ১০ দলীয় জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের পাশে থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে।”
তিনি আরও বলেন, “যদি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনও না পেলেও আমাদের কোনো আক্ষেপ থাকবে না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, সাবেক আমির আব্দুল মতিনসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মী এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

