কুষ্টিয়ার মিরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী দিনে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার এবং সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, মিরপুর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কৃষি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভবিষ্যতে গণভোটসহ সকল নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করা হবে। তিনি কৃষকদের উদ্দেশে তামাক চাষ পরিহার করে লাভজনক ও পরিবেশবান্ধব ফসল চাষের প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলায় বিভিন্ন স্টল, আধুনিক কৃষি প্রযুক্তির প্রদর্শনী, কৃষকদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালিত হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

