সিরাজগঞ্জের শাহজাদপুরে মিথ্যা অপপ্রচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিবহন ব্যবসায়ী হারুনুর রশিদ।
রোববার(১৮ জানুয়ারী) বিকেলে ৫টায় পৌর শহরের রামবাড়ি এলাকায় অবস্থিত নিজের কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে হাসিব বাসের মালিক হারুনুর রশিদ অভিযোগ করেন, শাহজাদপুর মটর মালিক সমিতিতে আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নবীন বরণ বাসের মালিক মো. আয়ুব আলী তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
লিখিত বক্তব্যে হারুনুর রশিদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে পরিবহন ব্যবসা করে আসছি। আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। অথচ আয়ুব আলী ব্যক্তিগত স্বার্থের এই বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন।”
তিনি আরও অভিযোগ করেন, শাহজাদপুর-যশোর রুটে তার একটি বাস পুনরায় চালু করতে গেলে আয়ুব আলীর নেতৃত্বে একদল সশস্ত্র লোক বাধা দেয়। এ সময় তাকে লাঞ্ছিত করার পাশাপাশি বাসের হেল্পারকে মারধর, বাস কাউন্টার ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। এমনকি বাসের চালকের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ঘটনার প্রেক্ষাপট উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, গত ১৪ জানুয়ারি রাতে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতাসহ অন্তত ১০ জন আহত হন। পরে আয়ুব আলী থানায় অভিযোগ দায়ের করেন।
হারুনুর রশিদের দাবি, ওই ঘটনার প্রকৃত সত্য আড়াল করতেই এখন তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে তিনি এই অপপ্রচার ও সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

