AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অপরাধের বিরুদ্ধে আপসহীন থাকার ঘোষণা পুলিশের



অপরাধের বিরুদ্ধে আপসহীন থাকার ঘোষণা পুলিশের

বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে অপরাধের বিরুদ্ধে আপসহীন থাকার ঘোষণা দিয়েছেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেফাতুল ইসলাম।

শনিবার (১৭ জানুয়ারি ) বিকেল ৫টায় মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহীনের সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এএসপি মো. রেফাতুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, যেখানে জনগণের সমালোচনাকেও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়। তিনি বলেন, ৫ আগস্টের আগে ও পরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা দূর করাই পুলিশের অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই এ ধরনের উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। থানা পুলিশ যেন সবসময় জনগণের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। বাংলাদেশ পুলিশকে জনগণের পরিবারের অংশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা ও আস্থা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে ওসি শেখ শাহিনুর রহমান শাহীন বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না। অপরাধী যত বড় বা প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, পুলিশ সক্রিয় থাকলে এলাকায় মাদক, জায়গা দখল কিংবা ঘের দখলের কোনো সুযোগ থাকবে না। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মোংলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন ওসি।

উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং জনপ্রতিনিধি ও প্রার্থীদের ব্যক্তিগত ত্রুটি-বিচ্যুতির ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রমসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।

উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!