পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের ১০০ দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতায় কষ্টে থাকা অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করে সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণকালে পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ, সহকারী শিক্ষক নাসিম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক জীবন কথা প্রতিনিধি হাফিজুর রহমান আনসারী, প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মেহেদী হাসান, সদস্য মো. হাসিনুর রহমান, সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের সদস্য মোছা. রেহেনা খাতুন, রোকসানা খাতুন, সুফিয়া খাতুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল নিতে আসা ক্যান্সার রোগাক্রান্ত রিপন মিয়া নামের এক ব্যক্তি বলেন, কয়েকদিন আগে সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের সদস্যরা আমাকে একটা কার্ড দেয় এই কার্ড নিয়ে আজ আমি কম্বল পেলাম। শীতে এই কম্বল নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকব। এভাবে কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে, তা কখনো ভাবিনি।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন বলেন, মাঘের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় দরিদ্র ও অসহায় মানুষ কষ্টে সময় পার করছে। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতিমুহূর্তে বাড়াচ্ছে। এ অবস্থায় এসব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মানবিক উদ্যোগ এই ফাউন্ডেশনের একটি মহৎ কাজ।
সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, সহায়কে সাহায্য করা, তার পাশে দাঁড়ানো, ইসলামের অন্যতম আদর্শ। আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি পেতে হলে মানুষের প্রতি দয়া করতে হবে। সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশন সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

