বাগেরহাটে শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষের জন্য ফ্রি ওয়াই-ফাই জোন চালু করেছেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম. এ. এইচ. সেলিম।
বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের খান জাহান আলী মাজার মোড় এলাকায় এই ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এম. এ. এইচ. সেলিমের ছেলে মেহেদি হাসান প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ইন্টারনেট সেবার উদ্বোধন করেন।
এ সময় বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহাবুবুল হক টুটুল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মেহেদি হাসান প্রিন্স বলেন, বর্তমান বিশ্বে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম একটি শক্তিশালী হাতিয়ার। ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া আজকের দিনে মানুষ চলতে পারবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাগেরহাটের সকল মানুষের জন্য ফ্রি ইন্টারনেট সেবা চালুর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের অন্তত ৯০টি স্থানে ফ্রি ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

