AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পৌষসংক্রান্তিতে কমলগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৬:৩৩ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

পৌষসংক্রান্তিতে কমলগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

পৌষসংক্রান্তি উৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার প্রতিটি বাজারেই মাছের মেলা শুরু হয়। কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ বাজার, শমশেরনগর, আদমপুর ও মুন্সীবাজারে বসা বিশাল মাছের মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দুপুরে ভানুগাছ বাজার ও মুন্সীবাজারের মাছের মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে বড় আকারের মাছ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মেলায় বোয়াল, চিতল, রুই, কাতলা, বাঘ মাছসহ নানা জাতের দেশীয় মাছ উঠেছে। পাঁচ কেজি থেকে শুরু করে ৩৫–৪০ কেজি ওজনের বড় বড় মাছ বিক্রি হচ্ছে। সাধারণ হাট-বাজারে যেসব মাছ সহজে পাওয়া যায় না, সেসব দুর্লভ মাছ সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা। তবে মাছের দাম তুলনামূলকভাবে বেশ চড়া বলে জানিয়েছেন ক্রেতারা।

মুন্সীবাজারের মাছ বিক্রেতা সুমন মিয়া জানান, তিনি ২৫ কেজি ওজনের বোয়াল ও বাগাইর মাছ নিয়ে মেলায় বসেছেন। মাছ দুটির দাম তিনি ৭৫ হাজার টাকা হাঁকিয়েছেন। ক্রেতারা ৩০–৩২ হাজার টাকা পর্যন্ত দর বললেও তিনি মাছ বিক্রি করেননি।

পৌর শহরের ভানুগাছ বাজারের মাছ বিক্রেতা ঝুলন মিয়া বলেন, তিনি ২০ কেজি ওজনের বাগাইর মাছ, ১০ কেজি ওজনের চিতল মাছ এবং ১৫ কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে মেলায় বসেছেন। বাগাইর মাছের দাম তিনি ৩০ হাজার টাকা চেয়েছেন। ক্রেতারা ২০ হাজার টাকা পর্যন্ত দর বললেও তিনি সেটি বিক্রি করেননি। তবে চিতল ও বোয়াল মাছ বিক্রি করেছেন।

আরেক ব্যবসায়ী শিপন মিয়া জানান, তিনি ৩৫ কেজি ওজনের একটি কাতলা মাছের দাম ৭০ হাজার টাকা চেয়েছেন। মাছটির দর ২০ হাজার টাকা পর্যন্ত উঠলেও বিক্রি হয়নি।

মেলায় আসা ক্রেতারা জানান, হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা টাটকা দেশীয় মাছ কেনার জন্য তারা এই মেলার অপেক্ষায় থাকেন। অনেক দুর্লভ মাছ একমাত্র পৌষসংক্রান্তির এই মেলাতেই পাওয়া যায়। তবে এ বছর মাছের সরবরাহ বেশি থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলকভাবে কম।

মৎস্য ব্যবসায়ী অদন পাল বলেন, “পৌষসংক্রান্তি উপলক্ষে প্রতিবছর এখান থেকে পাইকারিভাবে মাছ কিনে মৌলভীবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করি।”

দর্শনার্থী রাজন আবেদীন বলেন, “এই প্রথম মাছের মেলায় এলাম। এত বড় মাছ সচরাচর দেখা যায় না। শত বছরের ঐতিহ্য বহন করছে এই মেলা।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, পৌষসংক্রান্তি উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন বাজারে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!