রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ নেতা বাদল বিশ্বাসের বিএনপিতে যোগদান করেছেন। তিনি গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের গোয়ালন্দ প্রধান সড়কে অবস্থিত ভাড়া বাসায় গিয়ে তার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
এ সময় বাদল বিশ্বাস বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ও তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মানে অংশীদার হতে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হয়েছেন। ভবিষ্যতে তিনি বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং সাধারণ একজন কর্মী হিসাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বিএনপির পতাকাতলে শামিল হয়েছেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

