ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বদরুল হুদা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির এমপি প্রার্থী ও সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল হক, সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম কামাল উদ্দিন, জাবরহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা ও সাবেক প্রধান শিক্ষক সোলেমান আলী।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

