জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৪০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে তাকে জরুরি ভিত্তিতে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সুলতান শেখ ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে। মাদক মামলায় তিনি দুই বছরের সাজা ভোগ করছিলেন। কারাগার সূত্র জানায়, গত বছরের ১১ ডিসেম্বর থেকে সুলতান শেখ কারাবন্দী ছিলেন। শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত হওয়ায় এর আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে শীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইমতিয়াজ জাকারিয়া জানান, “সুলতান শেখ শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেছে। ময়নাতদন্তের পর মরদেহ আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

