শীত মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আলীকদম সেনা জোন।
শনিবার (৪ জানুয়ারি) আলীকদম সেনা জোনের আওতাধীন মেনদনপাড়া আর্মি ক্যাম্প থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে কুরুকপাতা ইউনিয়নের গহীন পাহাড়ে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় মেনদনপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাসফির মাহমুদের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সম্পন্ন হয়।
এ সময় ৫০ জন অসহায় ও হতদরিদ্র পাহাড়ি পরিবারের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় কারবারি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রায় ৬০ থেকে ৭০ জন মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাসফির মাহমুদ বলেন, আলীকদম সেনা জোন যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে। পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

