টাঙ্গাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ১০টি পরিবার এবং আহত ৫টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দেশের সড়ক ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, “দেশের সড়কগুলো আজও নিরাপদ করা সম্ভব হয়নি। সড়কে চরম অব্যবস্থাপনার কারণে মানুষের নিরাপদে বাড়ি ফেরা কিংবা গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবছর ঈদে বাড়ি ফেরার পথে মানুষ লাশ হয়ে ফিরছে, আর এসব দুর্ঘটনার সবচেয়ে বেশি শিকার হচ্ছেন সাধারণ শ্রমিকরা।”
তিনি বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় মেহনতি শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও শ্রমিক সংগঠন হিসেবে শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মুহা. আব্দুর রাকিব।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, নওগাঁ জেলা শাখার সভাপতি মো. নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

